মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের

নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ থাকায় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করার একটি কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, সেই দলের দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই আসে না। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলীয়ভাবে তারা কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এবার দলীয় প্রতীক বা দলীয় মনোনয়নে নির্বাচন হচ্ছে না। ফলে কোনো দলের পক্ষ থেকে দলীয়ভাবে প্রার্থী দেওয়ার সুযোগও থাকছে না। নির্বাচন আইন অনুযায়ী বৈধ ও যোগ্য প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবেই অনুষ্ঠিত হবে। বিএনপি স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্তভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন জনগণের ভোটে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। কোনো দল বা গোষ্ঠীর ইচ্ছায় নয়, জনগণের রায়ের ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক না থাকার বিষয়টি স্পষ্ট করেন মীর শাহে আলম। তিনি বলেন, আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন।

চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন