রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে না’তে রাসূল মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে না’তে রাসূল সা. মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১১ সেপ্টেম্বর) বুধবার আয়োজিত ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা ময়দানে বাদ আছর হতে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ছারছীনা দরবার শরীফ হতে পরিচালিত জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের কেন্দ্রীয় এবং চাঁদপুর জেলা শাখার শিল্পীরা হামদ-নাত, ও ইসলামি নাশিদ পরিবেশন করেন।

এ না’ত মাহফিলে ইসলামি নাশিদ ছাড়াও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, নৈতিকতা ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দিন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতী এইচ এম আনোয়ার মোল্লা, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ও চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম খান, ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও সন্তোষপুর দারুচ্ছুন্নাত আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান মুহা. ছাইফুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন। এছাড়াও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, চাঁদপুর জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মী ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দ।

মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাতে রাসূল পরিবেশনের মাধ্যমে উপস্থিতদের মধ্যে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ হতে ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহা. নোমান ছালেহী, সিনিয়র সহ. সভাপতি মাওলানা রাসেল মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদুল্লাহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে সার্বিক প্রচার ও গণমাধ্যম সহযোগিতা প্রদান করে দেশের অন্যতম নিউজ পোর্টাল- ‘সাবাহ’।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন