রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

নিউজ ডেস্ক

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করে আসর শেষ করেছে লাল-সবুজের যুব দল।

চায়নিজ তাইপের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশের যুবারা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ রিফাত। এছাড়া মুন্না ইসলাম, তৈয়ব আলী ও মোহাম্মদ আব্দুল্লাহ একটি করে গোল করে দলের জয়ে অবদান রাখেন।

এই আসরে সপ্তম স্থান অর্জনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটি অর্জনও নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী যুব হকি বিশ্বকাপের আয়োজক ভারত। এশিয়া কাপের ফলাফলের ভিত্তিতে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

এর আগে গত যুব বিশ্বকাপেও অংশ নিয়েছিল বাংলাদেশ। এবারও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপে অংশ নেয় লাল-সবুজের দল। তবে গ্রুপ পর্বে তিন ম্যাচেই পরাজিত হওয়ায় শুরুতেই কঠিন অবস্থায় পড়ে তারা।

পরে ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে হেরে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। শেষ ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করলেও বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায় কিছুটা স্বস্তি নিয়ে দেশে ফিরবে যুব দল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন