মালয়েশিয়ায় অবস্থানরত আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের বিষয়টি আলোচনায় এসেছে। তবে দুই দেশের স্বার্থের কথা বিবেচনা করে বিষয়টি নিয়ে বিস্তারিত প্রকাশ না করাই তারা সমীচীন মনে করছেন। একই সঙ্গে ভারত ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক আস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তাকে ভারতে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের দাবির বিষয়টি মালয়েশিয়া বুঝতে পারে। তবে এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। আইনের শাসনের প্রতি সম্মান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব—দুটিই বিবেচনায় রাখতে হবে।
জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করছেন।
ভারতীয় কর্তৃপক্ষ ২০১৬ সালে জাকির নায়েক, তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় চলে যান। পরবর্তী সময়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান তিনি।
ভারত দীর্ঘদিন ধরে জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ এবং যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলেই এ বিষয়ে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে পর্যাপ্ত প্রমাণ না থাকার কারণ দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির ভারতীয় অনুরোধ প্রত্যাখ্যান করেছিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
জাকির নায়েককে ঘিরে ভারত-মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের আলোচনার পর আনোয়ার ইব্রাহিমের সর্বশেষ মন্তব্যে বিষয়টি আবারও আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে আলোচনায় এসেছে।

