রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদেরও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যারা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধন করেছিলেন, তাদের সঙ্গে ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। এসব ভোটারকে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে আসন্ন উপনির্বাচনে পোস্টাল ভোট দেওয়ার সম্মতি নিশ্চিত করতে হবে।

সম্মতি দেওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বিদেশে থাকা বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তারাও নতুন করে নিবন্ধনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আগ্রহী প্রবাসী ভোটারদের ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশন বলছে, প্রবাসে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত এবং নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতেই পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন