মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই

নিউজ ডেস্ক

স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে প্রার্থী হতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও এসব নির্বাচনে অংশ নিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করতে কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। তাই যারা আগামীতে এসব নির্বাচনে অংশ নেবেন, তাদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার আইনে বলা হয়েছে, প্রজাতন্ত্র, পরিষদ বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের কোনো লাভজনক সার্বক্ষণিক পদে অধিষ্ঠিত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’-এর ১১.১৭(ক) ও ১১.১৭(খ) ধারাতেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একাধিক পদ বা চাকরি কিংবা আর্থিক লাভজনক পদে থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আর্থিক লাভজনক পদ বলতে সরকার বা কোনো প্রতিষ্ঠান থেকে দেওয়া বেতন, ভাতা, সম্মানীসহ কর্মের বিনিময়ে পাওয়া আর্থিক সুবিধাকে বোঝানো হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা, বিশ্ববিদ্যালয় ও আইন পেশার মতো ক্ষেত্র থেকেও পাওয়া বেতন-ভাতা বা সম্মানী এর আওতায় পড়ে।

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলেও জানান মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচনের বিধিমালা, স্থানীয় সরকার আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনা করে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতা নিয়ে জামায়াত সরকারের ওপর কোনো দায় চাপালে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সংসদে সংশ্লিষ্ট বিল পাস হওয়ার সময় জামায়াতের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন