রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল

নিউজ ডেস্ক

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে চলতি অর্থবছরের (২০২৬-২৭) একনেকের তৃতীয় সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত মেট্রোরেল করিডোরটি রাজধানীর গাবতলী থেকে শুরু হয়ে দাশেরকান্দি পর্যন্ত যাবে। পথে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাব নগর, আফতাব নগর সেন্টার, আফতাব নগর ইস্ট ও নাসিরাবাদসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত হবে।

এ রুট চালু হলে ঢাকার উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম অংশের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুট ও এমআরটি লাইন-১-এর সঙ্গে সরাসরি ইন্টারচেঞ্জ সুবিধাও থাকবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। আর ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার ইডিসিএফের সহজ শর্তের ঋণ থেকে সংগ্রহ করা হবে।

প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানিয়েছেন, সাউদার্ন রুটের প্রাথমিক পর্যায়ের সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কয়েক দফায় প্রকল্পের ব্যয় ও নকশা পর্যালোচনার পর অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় এটিকে সবচেয়ে লাভজনক বিকল্প হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

তার মতে, নতুন মেট্রোরেল লাইনটি চালু হলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমবে। একই সঙ্গে ঢাকার দুই প্রান্তের বাসিন্দারা দ্রুত, নিরাপদ ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার সুবিধা পাবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন