সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। এরপর কয়েকটি ধাপে পর্যায়ক্রমে সারা দেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান আইনকেই ভিত্তি হিসেবে নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনসংক্রান্ত আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী ভোট আয়োজন করবে কমিশন।
তিনি আরও বলেন, আইনে প্রয়োজনীয় পরিবর্তন না এলেও নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনগত বা কার্যগত জটিলতা হবে না। কমিশনের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
ইসির এ ঘোষণার ফলে দীর্ঘদিন পর দেশের ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে নতুন করে তৎপরতা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

