বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে হলে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো করতে হলে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের যেসব নেতা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের বাংলাদেশে ফেরত দিতে হবে। বাংলাদেশের এ বিষয়ে সংবেদনশীলতার বিষয়টি ভারত সরকার উপলব্ধি করবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশের কাছে হস্তান্তরের উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনা ও অন্য দণ্ডপ্রাপ্তদের বিষয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
গ্রামীণ কল্যাণের মামলায় সরকারের হস্তক্ষেপ নেই
এদিকে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস কিংবা অন্য কোনো ব্যক্তির প্রতি সরকারের অনুরাগ বা বিরাগ নেই। গ্রামীণ কল্যাণের মামলাটি সম্পূর্ণ আদালতের বিষয় এবং এটি আদালতের নিজস্ব গতিতেই চলবে।
ব্যাটারিচালিত রিকশার অবৈধ চার্জিংয়ে অভিযান
ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধেও সরকারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জাহেদ উর রহমান।
তিনি বলেন, গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার বিরুদ্ধে মোট ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

