সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

প্রি-পেইড মিটারে রিচার্জ প্রসঙ্গে যা জানালো বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্ক

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কম্পানির (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার ভেন্ডিং কার্যক্রমে সৃষ্ট কারিগরি জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও প্রচেষ্টা শেষে ক্ষতিগ্রস্ত সিস্টেম পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ ও ওজোপাডিকো কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড ভেন্ডার সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে কম্পানিটির আওতাধীন বিভিন্ন অঞ্চলের গ্রাহকরা মিটার রিচার্জ ও ভেন্ডিং কার্যক্রমে চরম প্রতিবন্ধকতার মুখে পড়েন।

ঘটনার পরপরই ওজোপাডিকোর কারিগরি বিশেষজ্ঞ দল সমস্যা সমাধানে কাজ শুরু করে। দীর্ঘ পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে প্রি-পেইড সিস্টেমটি পুরোপুরি পুনরুদ্ধার করতে সক্ষম হন প্রকৌশলীরা।

বিদ্যুৎ বিভাগ নিশ্চিত করেছে যে, বর্তমানে প্রি-পেইড মিটারের রিচার্জ সংক্রান্ত যাবতীয় সীমাবদ্ধতা ও জটিলতা দূর করা সম্ভব হয়েছে এবং সেবা স্বাভাবিক রয়েছে।

সাময়িক এ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা না ঘটে এবং ঘটলেও যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন