বহু রক্তপাত ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমান সময়ের সবচেয়ে বড় কাজ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ লড়াই ও বহু মানুষের প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে দ্রুত পুনর্গঠনের কাজও সরকার চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশের গণতন্ত্রপন্থি মানুষকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়াই এ দেশের মানুষের বৈশিষ্ট্য।
তিনি বলেন, গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে সরকারি ও বিরোধী—উভয় দলেরই দায়িত্ব রয়েছে। এ জন্য সংসদকে কার্যকর রাখতে হবে। রাজনৈতিক দ্বিমত ও মতপার্থক্য থাকলেও তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
সিলেটের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বর্তমান মন্ত্রিসভার সদস্যরা অত্যন্ত যোগ্য। তারা সিলেটের সমস্যাগুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশ পুনর্গঠনের লড়াই চালিয়ে যেতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যিকার অর্থেই বাসযোগ্য একটি আবাসভূমি গড়ে তোলার যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই অবহেলায় হারানো যাবে না।

