রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

স্মার্ট চশমা দিয়ে গোপনে ভিডিও ধারণ, উদ্বেগ বাড়ছে

নিউজ ডেস্ক

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে দ্রুত জনপ্রিয় হচ্ছে স্মার্ট চশমা। মুঠোফোন ছাড়াই কথা বলা, কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুবিধা ব্যবহার থেকে শুরু করে ছবি ও ভিডিও ধারণ—সবই করা যাচ্ছে ছোট এই যন্ত্রের মাধ্যমে। তবে সুবিধার পাশাপাশি স্মার্ট চশমার ব্যবহার ঘিরে গোপনীয়তা ও ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নও ক্রমেই জোরালো হচ্ছে।

বিশেষ করে কারও অজান্তে প্রকাশ্যে ভিডিও ধারণের সুযোগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বর্তমানে স্মার্ট চশমার বাজারে মেটার তৈরি রে-ব্যান স্মার্ট গ্লাস বেশ জনপ্রিয়। মেটার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই চশমার ৭০ লাখের বেশি জোড়া বিক্রি হয়েছে।

স্মার্ট চশমার অপব্যবহার ঠেকাতে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানও ব্যবস্থা নিতে শুরু করেছে। যুক্তরাজ্যের প্রায় ৮০০টি পানশালা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েদারস্পুনস তাদের ভেতরে স্মার্ট চশমা ব্যবহার করে ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে। নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোও এই প্রযুক্তির অপব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পথচারীদের ভিডিও ধারণ নিয়ে বিতর্ক

বেলফাস্টের ৩১ বছর বয়সী পিয়ার্স ভ্যালেলি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করেন। তিনি মেটার রে-ব্যান স্মার্ট চশমা ব্যবহার করে সাধারণত রাস্তায় হাঁটার সময় পথচারীদের সঙ্গে নিজের কথোপকথনের ভিডিও ধারণ করেন।

বেলফাস্ট শহরে ধারণ করা তার একটি ভিডিও টিকটকে ৬ লাখের বেশি বার দেখা হয়েছে। ভ্যালেলির দাবি, তিনি প্রযুক্তিটি ইতিবাচক উদ্দেশ্যেই ব্যবহার করেন। কারও আপত্তি থাকলে সেই ভিডিও প্রকাশ করেন না। ভিডিওতে থাকা ব্যক্তিদের নিয়ে হাসাহাসি বা তাদের হেয় করার কোনো উদ্দেশ্যও তার থাকে না বলে জানান তিনি।

স্মার্ট চশমাটির ক্যামেরা স্পর্শের মাধ্যমে চালু করা যায়। ভিডিও ধারণের সময় চশমায় একটি সাদা আলো জ্বলে ওঠে। এর মাধ্যমে আশপাশের মানুষকে ক্যামেরা চালু থাকার বিষয়টি জানানোর ব্যবস্থা রাখা হয়েছে।

তবে এই সংকেত সব সময় মানুষের নজরে আসে কি না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মেটা জানিয়েছে, সম্প্রতি চশমাটিতে পরিবর্তন আনা হয়েছে। ক্যামেরা চালু থাকার সংকেত দেওয়া আলোতে কারসাজি করা হলে ক্যামেরা কাজ করবে না।

ভ্যালেলি বলেন, অনেক সময় চশমার আলো দেখে মানুষ বুঝতে পারেন যে ভিডিও ধারণ করা হচ্ছে। সুযোগ পেলে ভিডিও ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকেও তিনি বিষয়টি জানান।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সম্ভাবনার দুয়ার

তবে শুধু বিনোদন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির জন্যই নয়, স্মার্ট চশমার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহারও রয়েছে। বেলফাস্টের চক্ষু বিশেষজ্ঞ জিওফ ম্যাককনভিলের মতে, দৃষ্টিপ্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হতে পারে।

চশমাটিতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধার মাধ্যমে বিভিন্ন লেখা পড়ে শোনানো সম্ভব। সংবাদপত্রের লেখা থেকে শুরু করে রাস্তার সাইনবোর্ডের তথ্যও ব্যবহারকারীকে শুনিয়ে দিতে পারে এটি।

মেটার ভাষ্য, দৃষ্টিপ্রতিবন্ধী ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্মার্ট চশমা নতুন কিছু গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে। তবে একই সঙ্গে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, যেসব স্থানে ভিডিও ধারণ করা নিষিদ্ধ বা অনুচিত, সেখানে এ ধরনের নিষেধাজ্ঞা থাকা স্বাভাবিক।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরিও বলেছেন, কেউ যদি অন্যের ক্ষতি বা হয়রানির উদ্দেশ্যে ভিডিও ধারণ করে তা প্রকাশ করেন, তাহলে সেই ভিডিও সরিয়ে দেওয়া হবে।

সব মিলিয়ে স্মার্ট চশমা প্রযুক্তির নতুন সম্ভাবনা তৈরি করলেও এর ব্যবহার ঘিরে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। প্রযুক্তির সুবিধা ও মানুষের ব্যক্তিগত অধিকারের মধ্যে ভারসাম্য রাখাই সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন