রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জানুয়ারি-জুলাইয়ে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১৪%

নিউজ ডেস্ক

চলতি বছরের প্রথম সাত মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রফতানি কমেছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-জুলাই সময়ে ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল প্রায় ৫৪ দশমিক ৩৯ বিলিয়ন ইউরো। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬১ বিলিয়ন ইউরোতে।

শুধু রফতানি মূল্যের ক্ষেত্রেই নয়, পোশাকের পরিমাণও কমেছে। গত বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ থেকে ইইউর বাজারে প্রায় ২ হাজার ৬৮৯ মিলিয়ন কেজি পোশাক রফতানি হয়েছিল। চলতি বছর একই সময়ে রফতানির পরিমাণ কমে হয়েছে প্রায় ২ হাজার ৬০২ মিলিয়ন কেজি।

এ সময়ে বাংলাদেশের পোশাকের গড় মূল্যও কমেছে। বিপরীতে চীন ও ভিয়েতনাম ইউরোপের বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

তবে বাংলাদেশের পোশাক রফতানিতে সাম্প্রতিক দুই মাসের পরিসংখ্যানে কিছুটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছিল ১৬ দশমিক ৪৩ শতাংশ। জুলাইয়ের তথ্য যুক্ত হওয়ার পর সেই পতন কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশে।

মূলত জুন ও জুলাইয়ে রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হওয়ায় সাত মাসের সামগ্রিক পতনের হার কিছুটা কমেছে। ফলে বছরের শুরুর দিকে বড় ধরনের পতনের পর ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার ইঙ্গিত মিলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন