সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জবাবদিহির জন্য সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

নিউজ ডেস্ক

সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভায়। একই সঙ্গে সরকারি কাজে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রথমদিকে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ওই সরকার প্রায় দেড় বছর দায়িত্ব পালন করলেও আর কোনো সচিব সভা হয়নি। ফলে প্রায় দুই বছর পর এবার সচিবদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হলো।

সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এবারের সচিব সভার আলোচ্যসূচিতে চারটি বিষয় রাখা হয়। এর মধ্যে ছিল সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ নিয়ে আলোচনা এবং সরকারের কার্যক্রমকে আরও গতিশীল, কল্যাণমুখী ও কার্যকর করার বিষয়।

এ ছাড়া জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ কোনো অনানুষ্ঠানিক বিষয় সচিবরা উপস্থাপন করলে তা নিয়েও আলোচনার সুযোগ রাখা হয়েছিল।

সচিব সভায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিশেষ গুরুত্ব পেয়েছে। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে—এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য চাপ মোকাবিলার বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট এক সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও বিস্তার কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে সভায় বেশি আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ওই সচিব বলেন, সরকারি চাকরির শূন্য পদ পূরণ, সরকারি কর্মকাণ্ড আরও গতিশীল করা, সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা নিশ্চিত করার ওপরও সভায় গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কাজে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচি যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়েও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ করে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে অর্থ ব্যয়, উপকারভোগী নির্বাচনসহ পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন