রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে চলছে প্রশাসনিক কার্যক্রম: সচিব

নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো পুনরায় শুরু করতে প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। তবে কোন প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে তাদের দাবির পক্ষে সচিবের কাছে স্মারকলিপি দেন। এ সময় এসব কথা বলেন তিনি।

সচিব মো. মোখতার আহমেদ বলেন, বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালু করার লক্ষ্যে সরকার কাজ করছে। শ্রমবাজার চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালচক্র যেন আর্থিকভাবে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

স্মারকলিপিতে বায়রার সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য বন্ধ করা, অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা।

এ ছাড়া সব যোগ্য মেডিকেল সেন্টার উন্মুক্ত করা এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবিও জানান তারা।

বায়রা প্রতিনিধিদের দাবিগুলো শুনে সচিব বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। দাবিগুলো পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাসও দেন তিনি।

সচিব জানান, মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় উন্মুক্ত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ বিষয়ে ইতোমধ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি উত্থাপন করেছেন।

সাধারণ কর্মীদের দালাল ও প্রতারক চক্রের হাত থেকে রক্ষায় মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মো. মোখতার আহমেদ। তিনি বলেন, অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা, প্রতিষ্ঠানটিকে জরিমানা এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করার তথ্যও জানান সচিব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন