তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার জনকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। জামানত ছাড়াই এ ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণের কথাও জানান তিনি। সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন। প্রস্তাবিত বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা বেতনের কথা বলা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ারও উদ্যোগ রয়েছে।
কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষক দিবস উপলক্ষে দেশের সেরা ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের পুনর্বাসনের বিষয়েও সরকারের পদক্ষেপ তুলে ধরেন মাহদী আমিন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রবাসী আয়ের বিষয়ে তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময়ে রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানোর কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

