সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সাবেক প্রধানমন্ত্রীসহ যেসব আসামির গতকাল আদালতের রায়ে সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনতেও পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী কাজ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আদালতের রায় যেহেতু গতকাল হয়েছে, তাই পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সব কাগজপত্র হাতে পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ভারতের সঙ্গে যোগাযোগ করবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের কাছ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট উত্তর আমরা পাইনি। তবে যত দূর জানা গেছে, তাদের নিজস্ব একটি আইনি প্রক্রিয়া হয়তো রয়েছে, যা বর্তমানে চলমান।’
তিনি আরও বলেন, আসামিদের বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এ বিষয়ে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অভিবাসন প্রক্রিয়া আরও সুসংহত ও সহজ করার বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শামা ওবায়েদ।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর থেকেই বিদেশে থাকা বিপুলসংখ্যক বাংলাদেশির অভিবাসন প্রক্রিয়া কীভাবে আরও সুসংহত ও সহজ করা যায়, তা নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং একটি ‘মাইগ্রেশন সেল উইং’ খোলা হয়েছে।

