সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

গাজায় ভবন ধসে নি’হত বেড়ে ২১

নিউজ ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমাবর্ষণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১টি শিশু রয়েছে। এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির আল-রিমাল মহল্লায় যুদ্ধবিধ্বস্ত আল-সা’দা আবাসিক ভবনটি ধসে পড়ে। ভবনটি আগে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া সিএনএনকে জানান, ভবন ধসের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলে ছয়তলা ভবনটি ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সেখানে মানুষ বসবাস করছিল বলে জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ভবন ধসের পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে গাজা উপত্যকার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ফলে চলমান ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে থাকা অবিস্ফোরিত অস্ত্রও ফিলিস্তিনিদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। নিরাপদ আশ্রয়ের সংকটের কারণে গাজার সাধারণ মানুষ প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন