সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ইরানের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় চীনের দৃঢ় অবস্থান

নিউজ ডেস্ক

ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তেহরানের পাশে থাকার বার্তা দিয়েছে চীন। একই সঙ্গে চলমান সংঘাতের উত্তেজনা কমাতে ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযম দেখিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে বেইজিং।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিং সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ওয়াং ই বলেন, ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে এবং দেশটির বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করতে প্রস্তুত চীন। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে যুক্তিবোধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়া কোনো পক্ষের স্বার্থে নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার কাঠামো পুনরায় চালু করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কার্যকর সংলাপ শুরু করা প্রয়োজন।

ওয়াং ই আরও বলেন, আঞ্চলিক উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগরে ছড়িয়ে পড়ুক—এটি চীন দেখতে চায় না। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতার স্বার্থে হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের কথা রয়েছে। ওই বৈঠকে ইরান পরিস্থিতি ও হরমুজ প্রণালির পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। দেশটি ইরানের অপরিশোধিত তেলের বড় ক্রেতাও।

এর মধ্যে চলতি সপ্তাহে চীনা প্রতিষ্ঠান ইরানের কাছে জর্ডানে মার্কিন বাহিনীর একটি ঘাঁটির উপগ্রহচিত্র সরবরাহ করেছে—মার্কিন সংবাদমাধ্যমের এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ঘাঁটিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার কথা বলা হয়েছিল। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে চীনের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ তোলেননি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির প্রতি বেইজিংয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং ভিত্তিহীন অভিযোগের বিরোধিতা করে তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন