রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

যু’দ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গেছি সম্ভবত: ট্রাম্প

নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধটি সম্ভবত শেষ পর্যায়ে পৌঁছেছে এবং তেহরান একটি চুক্তি করতে চাইছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। দেখা যাক, কী হয়।’

ইরানের কাছ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই বার্তার বিষয়বস্তু বা কার মাধ্যমে বার্তাটি এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত ছয় দেশের নেতাদের বা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প।

বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের পর মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশল এবং যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হতে পারে।

অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত পরিকল্পনা তৈরির কাজ চলছে। পরিকল্পনাটি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনাই আসন্ন বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তবে যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে ট্রাম্পের আশাবাদী বক্তব্যের মধ্যেও সংঘাতের অবসান এখনো নিশ্চিত হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তম মাসে প্রবেশ করা এই যুদ্ধের দ্রুত সমাপ্তির বিষয়ে এখনো স্পষ্ট কোনো চুক্তি হয়নি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে সংঘাতের বর্তমান পর্যায় শুরু হয়। এরপর ইরান পাল্টা হামলা চালায় এবং সংঘাতটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

এর আগে যুদ্ধ থামাতে একাধিকবার কূটনৈতিক উদ্যোগ ও সমঝোতা হলেও সেগুলো স্থায়ী হয়নি। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগের বিষয়টি সামনে এলেও যুদ্ধের পূর্ণাঙ্গ অবসানের জন্য এখনো কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন