রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়েছে দুদক, বিএফআইইউকে চিঠি

নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব ও দেশে-বিদেশে আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব, সম্পদ এবং আর্থিক লেনদেনসংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহের অনুরোধ করা হয়েছে।

চিঠিতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা চালু, সুপ্ত ও বন্ধ—সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়েছে।

এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনসংক্রান্ত কোনো দলিল বা রেকর্ড রয়েছে কি না, সে তথ্যও চেয়েছে দুদক।

ওই পাঁচ দেশে তাদের নামে কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, বিদেশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিএফআইইউয়ের কাছে সংগৃহীত তথ্য থাকলে সেগুলোও সরবরাহ করতে বলা হয়েছে।

চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে উল্লিখিত বিষয়গুলো নিয়ে অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। বর্তমান তথ্য চাওয়ার উদ্যোগটি ওই অনুসন্ধানের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন