রিজিক মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থ-সম্পদ, খাবার, পোশাক, বাসস্থান ও সুস্থতাসহ জীবনের প্রয়োজনীয় অনেক কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। প্রত্যেক মানুষই স্বচ্ছল ও বরকতময় জীবনের প্রত্যাশা করেন। তবে কেউ জীবিকার সংকটে থাকেন, কেউ ঋণের চাপে পড়েন, আবার কেউ কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত স্বচ্ছলতা অর্জন করতে পারেন না।
এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রথম আশ্রয় হওয়া উচিত আল্লাহ তাআলা। কারণ তিনিই রিজিকের মালিক এবং বান্দার প্রয়োজন পূরণে সক্ষম। পবিত্র কোরআনে আল্লাহর কাছে কল্যাণ, অনুগ্রহ ও প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে। নবী-রাসুলদের এসব দোয়ায় কখনো সরাসরি আল্লাহর অনুগ্রহ ও রিজিক চাওয়া হয়েছে, আবার কখনো দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা হয়েছে।
এসব দোয়া পড়ার পাশাপাশি হালাল পথে উপার্জনের চেষ্টা, তাকওয়া, ইস্তিগফার এবং আল্লাহর ওপর ভরসা রাখাও জরুরি। কোরআনে বর্ণিত কয়েকটি দোয়া হলো—
১. উত্তম রিজিকের জন্য দোয়া
আরবি:
رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ
উচ্চারণ: রাব্বি ইন্নী লিমা আনঝালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর।
অর্থ: হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবে, আমি তার মুখাপেক্ষী।
সূরা: আল-কাসাস, আয়াত ২৪।
২. দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া
আরবি:
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়া কিনা আজাবান্নার।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
সূরা: আল-বাকারা, আয়াত ২০১।
৩. আল্লাহর পক্ষ থেকে রিজিক লাভের জন্য দোয়া
আরবি:
رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَۃً مِّنۡکَ ۚ وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ
উচ্চারণ: রাব্বানা আনঝিল আলাইনা মায়িদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ওয়া আয়াতাম মিনকা ওয়ারঝুকনা ওয়া আনতা খাইরুর রাজিকীন।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য আসমান থেকে একটি খাদ্যপূর্ণ খাঞ্চা অবতীর্ণ করুন, যা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দের উপলক্ষ এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আমাদের রিজিক দান করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা।
সূরা: আল-মায়িদা, আয়াত ১১৪।
রিজিকের জন্য দোয়া করার পাশাপাশি হালাল উপায়ে উপার্জনের চেষ্টা করা এবং আল্লাহর ওপর আস্থা রাখা একজন মুমিনের দায়িত্ব। দোয়ার মাধ্যমে বান্দা তার প্রয়োজন ও অসহায়ত্ব আল্লাহর কাছে তুলে ধরে এবং তাঁর অনুগ্রহ কামনা করে।

