রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সার্কের কার্যক্রম ফের চালু করতে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের কাছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিমানবন্দরে তাদের সঙ্গে শেরিং তোবগের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হয়। একই সঙ্গে অঞ্চল ও এর জনগণের সম্মিলিত কল্যাণে সার্ককে আবার কার্যকর করতে ভুটানের সমর্থন চাওয়া হয়।

আলোচনায় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ উন্নয়নেও বাংলাদেশের আগ্রহের কথা জানানো হয়। বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে প্রকল্পটির উন্নয়নে বাংলাদেশ অবদান রাখতে আগ্রহী বলে জানান বাংলাদেশের প্রতিনিধিরা।

এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জার্মানি যাওয়ার পথে শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। প্রায় ৪৫ মিনিটের যাত্রাবিরতি শেষে একটি চার্টার্ড ফ্লাইটে তার জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল।

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন