রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শেখ হাসিনা দেশে ফিরলেই হাতকড়া পরিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ৩১ ডিসেম্বর নয়, শেখ হাসিনা চাইলে পরদিনই দেশে ফিরতে পারেন; তবে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রসঙ্গ টেনে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুটি হাতকড়া থাকবে।’

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। তাঁর দাবি, জনগণের অধিকার ক্ষুণ্ন ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হওয়া উচিত।

বিমানমন্ত্রী বলেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জনগণের অধিকার ক্ষুণ্ন এবং রাষ্ট্রীয় অর্থ লুটের অভিযোগের সুষ্ঠু বিচার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের সমালোচনা করে মিল্লাত দাবি করেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং আত্মগোপনে থাকা সাবেক সরকারের অনুসারীদের উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে জনগণের অধিকার ও রাষ্ট্রীয় সম্পদের সঙ্গে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করে সমাধান করতে চায় সরকার।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন