রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জ্বালানি সংকটে পাকিস্তানের কড়াকড়ি, বিয়েতে এক পদের বেশি নয়

নিউজ ডেস্ক

জ্বালানি সংকট মোকাবিলা ও জ্বালানি সাশ্রয়ে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে পাকিস্তান সরকার। এর অংশ হিসেবে দেশটিতে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাত্র এক পদ খাবার পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্রুত বন্ধসহ সরকারি ব্যয় কমানোর একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দোকান, বাজার, শপিংমল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ের হল, মার্কি ও অন্যান্য অনুষ্ঠানস্থল রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রেস্তোরাঁ, ক্যাফে ও খাবারের দোকানগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে টেকঅ্যাওয়ে ও বাসায় খাবার পৌঁছে দেওয়ার সেবা এ সময়সীমার বাইরে থাকবে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বিয়ে বা এ ধরনের সামাজিক অনুষ্ঠানে একটির বেশি পদ খাবার পরিবেশন করা যাবে না। জ্বালানি ব্যবহার কমানো এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী তিন মাস সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হয়েছে। নতুন যানবাহন কেনায় নিষেধাজ্ঞার পাশাপাশি টেকসই পণ্য কেনাকাটাতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো অবশ্য এসব বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

সরকারি ব্যয় কমাতে ২০২৬-২৭ অর্থবছরে কর্মচারীদের বেতন-ভাতা ছাড়া অন্যান্য খাতে মাসিক বাজেট ৫ শতাংশ কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। একই সঙ্গে তিন মাসের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনিবার্য সফরের ক্ষেত্রে মন্ত্রী, উপদেষ্টা ও সরকারি কর্মকর্তাদের অর্থনৈতিক শ্রেণিতে ভ্রমণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তাদের বৈঠক সম্ভব হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি প্রতিনিধিদল ছাড়া সরকারি আয়োজনে নৈশভোজ না করার কথাও বলা হয়েছে। সরকারি অর্থায়নে সেমিনার, প্রশিক্ষণ ও সম্মেলন আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহপথে বিঘ্ন ও জ্বালানির দাম বাড়ার প্রেক্ষাপটে পাকিস্তান সরকার এসব কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে। এর আগে চলতি বছরের মার্চেও দেশটিতে জ্বালানি সাশ্রয়ে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন