রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিএনপি পানি খাবে, ঘোলা করে খাবে: জামায়াত আমির

নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে।’ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের প্রথম পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের কর্মসূচি কোনো দলীয় দাবি আদায়ের জন্য নয়। দুর্নীতিমুক্ত দেশ গঠন, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং গণভোটের গণরায় নিশ্চিত করার দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।

তিনি বলেন, ‘আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। আমরা গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’

এরপর বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশ পরিচালনা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে।’

জনগণের প্রতি আন্দোলনে থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, কোটি মানুষের দাবি নিয়েই ১১ দলীয় ঐক্য রাজপথে নেমেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং জনগণের রায় প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের দাবিকে গুরুত্ব দিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে কর্মসূচিতে।

গাজীপুরের ভোগরা বাইপাসে লং মার্চের প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভাটি একপর্যায়ে বড় সমাবেশে রূপ নেয়। ১১ দলীয় জোটের নেতারা সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান ও তাকবির ধ্বনিতে তাঁদের স্বাগত জানান।

সভায় এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, তাঁরা সরকারের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে নন; সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার দাবি নিয়ে মাঠে নেমেছেন। তিনি সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানান।

এর আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের লং মার্চের উদ্বোধন করা হয়। পরে সকাল ৮টার দিকে লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।

গাজীপুরের পথসভা শেষে বহরটি টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

লং মার্চের শেষ কর্মসূচি হিসেবে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন