রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা কমাতে সৌদির মধ্যস্থতা চায় তালেবান

নিউজ ডেস্ক

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান সামরিক অভিযান চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। একই সঙ্গে পাকিস্তান-আফগানিস্তান বিরোধ নিরসনে সৌদি আরবের আরও সক্রিয় ভূমিকা চেয়েছে কাবুল।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান আফগান ভূখণ্ডে হামলা চালালে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার আফগানিস্তানের রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান আন্তর্জাতিক আইনের আত্মরক্ষার অধিকারসংক্রান্ত ৫১ নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে আফগান ভূখণ্ডে হামলা চালালে আফগানিস্তানও নিজেদের দেশ রক্ষার অধিকার প্রয়োগ করবে। আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে এর ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

পাকিস্তানের পক্ষ থেকে আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিদের নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুজাহিদ এসব মন্তব্য করেন। এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রও আফগানিস্তানের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন।

তবে পাকিস্তানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তালেবানের মুখপাত্র। তাঁর দাবি, আফগানিস্তান থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় না। অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকেও কাবুল সমর্থন করে না বলে জানান তিনি।

মুজাহিদ আরও বলেন, পাকিস্তানের নিরাপত্তা সংকটের জন্য আফগানিস্তানকে দায়ী না করে ইসলামাবাদের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে নজর দেওয়া। তাঁর দাবি, টিটিপি ও বেলুচ গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অস্থিরতা তালেবান ক্ষমতায় ফেরার আগেও ছিল।

সীমান্তে উত্তেজনা চললেও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে আফগানিস্তান আগ্রহী বলে জানান মুজাহিদ। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সহযোগিতার জন্য আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে কাবুল-ইসলামাবাদ বিরোধ নিরসনে সৌদি আরবের আরও সক্রিয় ভূমিকার প্রতি সমর্থন জানান তালেবানের এই মুখপাত্র।

তিনি বলেন, সৌদি আরব আফগানিস্তান ও পাকিস্তান—দুই দেশেরই বন্ধু। ফলে দুই দেশের মতপার্থক্য নিরসনে রিয়াদ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তালেবানের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা, জঙ্গি তৎপরতা এবং পারস্পরিক অভিযোগকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন