রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সৌদি আরবে হুতি হামলার নিন্দা নিরাপত্তা পরিষদের

নিউজ ডেস্ক

সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পরিষদ বেসামরিক মানুষের হতাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দাবে বাণিজ্যিক জাহাজে হামলা ও হুমকিরও নিন্দা জানানো হয়েছে। জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পরিষদ।

হুতিদের সামরিক উত্তেজনা বাড়ানো এবং বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

ইয়েমেনে সংঘাত আরও বাড়লে দেশটির মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে পরিষদ। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইয়েমেনে দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি করেছে পরিষদ। আটক ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের ৭৩ জন কর্মী ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ ও কূটনৈতিক মিশনের কর্মীরা রয়েছেন।

হুতিদের কাছে অস্ত্র, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও অর্থায়ন পৌঁছানো ঠেকাতে ইয়েমেন সরকারকে সহযোগিতা করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির আত্মরক্ষার অধিকার স্বীকার করেছে পরিষদ।

ইয়েমেনের ঐক্য, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নিরাপত্তা পরিষদ বলেছে, সহিংসতা বা শক্তি প্রয়োগের মাধ্যমে দেশটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন