রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রিয়াদে বিস্ফোরণের পর আরামকোর তেল ট্যাংকে আগুন

নিউজ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার পর বিমানবন্দর এলাকার দিকে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক ঘটনাস্থলের কাছ থেকে আরামকোর লোগোযুক্ত পুড়ে যাওয়া একটি জ্বালানি ট্যাংক থেকে আগুনের শিখা উঠতে দেখেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতেও দেখা গেছে।

তবে জ্বালানি ট্যাংকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি সৌদি কর্তৃপক্ষ বা আরামকো। রয়টার্সও জানিয়েছে, ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।

এর আগে শনিবার ভোরে রিয়াদ ও আশপাশের এলাকায় সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। পরে সতর্কতা প্রত্যাহার করে ‘অল ক্লিয়ার’ ঘোষণা করা হয়। এ সময় রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অগ্নিকাণ্ডের পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বিমানবন্দরটিকে তাদের সর্বোচ্চ ‘ডিসরাপশন ইনডেক্স’ ৫-এর মধ্যে রেখেছে। সেখানে একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বের পাশাপাশি দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার সময় বিমানবন্দর এলাকার কাছে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। রয়টার্সের প্রকাশিত ছবিতেও জ্বালানি সংরক্ষণ এলাকার ওপর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

রিয়াদের এই ঘটনার সময় সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে উত্তেজনাও বাড়ছে। সাম্প্রতিক সময়ে সৌদি শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা এবং ইয়েমেনে সৌদি সামরিক অভিযান ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তবে রিয়াদের আরামকোর জ্বালানি ট্যাংকে আগুন লাগার সঙ্গে কোনো নির্দিষ্ট হামলার সরাসরি যোগসূত্র সৌদি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন