রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

গাড়ি পার্কিংয়ে পরিবহন মালিকদের জন্য সতর্কবার্তা

নিউজ ডেস্ক

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে রাস্তার দুই পাশে কিংবা অনিরাপদ ও নির্জন স্থানে কোনো যানবাহন পার্কিং না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকাসহ সারাদেশে চলাচলকারী সব ধরনের যানবাহন এবং পণ্য পরিবহনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত ক্ষতি, ভাঙচুর বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিবহন সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই যানবাহন রাস্তার পাশে, অনিরাপদ কিংবা নির্জন স্থানে রাখা যাবে না। প্রতিদিনের চলাচল শেষে সব যানবাহন নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদে রাখার জন্য মালিক ও শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সমিতির পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে দেওয়া নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট মালিক, শ্রমিক ও অন্যান্য ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। একই সঙ্গে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন