রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে ব্যাংকের ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ আদায় ও আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণে বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা সদরের এসডিসি টাওয়ার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঋণ বিতরণ বাড়ানো এবং শ্রেণিকৃত ঋণ আদায়ের গতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নেও আরও সক্রিয় হতে হবে। নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মনিরুল হক।
এতে ফরিদপুর বিভাগের আওতাধীন তিনটি জোনাল অফিসের জোনাল ম্যানেজার, ৩৫টি শাখার ব্যবস্থাপক এবং তিনটি উপশাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় ফরিদপুর বিভাগের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ক্ষুদ্র, ছোট, মাঝারি ও কুটির শিল্প (সিএমএসএমই) খাতে ঋণ বিতরণ জোরদার, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিত এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের অর্থায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া ‘রূপালী ক্যাশ’, রূপালী ই-ব্যাংকিং অ্যাপ, বাংলা কিউআর এবং সর্বজনীন পেনশন স্কিমসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

