এক শতাব্দীরও বেশি সময় পর নতুন একটি বন্য বিড়ালের প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছের পাহাড়ি ইয়ুঙ্গাস এলাকায় প্রাণীটির সন্ধান পাওয়া গেছে। ছোট আকৃতির এই বিড়ালের শরীরে রয়েছে চিতাবাঘের মতো ছোপ।
নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ‘টিলকায়ো টাইগার ক্যাট’। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রাণীটিকে ‘টিলকায়ো’ নামে চিনতেন। সেই নাম থেকেই এর বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘লেপারডাস টিলকায়ো’।
বলিভিয়ার এক গবেষক বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি জানান। জীববিজ্ঞানী ও ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষক পাওলা নোগালেস-আসকাররুনজ নতুন প্রজাতিটি শনাক্তকারী গবেষক দলের সদস্য ছিলেন।
তিনি বলেন, এক শতাব্দীরও বেশি সময় পর নতুন একটি বন্য বিড়ালের প্রজাতি শনাক্ত হওয়া অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। ১৯২৩ সালে উরুগুয়ের পাম্পাস ক্যাট শনাক্ত হওয়ার পর টিলকায়োকেই প্রথম নতুন বিড়াল প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়েছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, টিলকায়ো সাধারণ পোষা বিড়ালের চেয়ে কিছুটা ছোট। এর দৈর্ঘ্য প্রায় ১৮ ইঞ্চি এবং কান গোলাকার। শরীরজুড়ে থাকা ছোপের কারণে প্রাণীটিকে দূর থেকে চিতাবাঘসদৃশ মনে হতে পারে।
এখন পর্যন্ত মাত্র দুটি টিলকায়োর সন্ধান পাওয়া গেছে। গবেষকেরা প্রাণী দুটির সম্পূর্ণ জিনগত তথ্য বিশ্লেষণ করেছেন। এর মাধ্যমে তাদের জিনগত বৈশিষ্ট্য পরীক্ষা করে প্রজাতিটির স্বাতন্ত্র্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
দুটি প্রাণীর মধ্যে একটি পুরুষ টিলকায়ো বর্তমানে ইয়ুঙ্গাসের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে রয়েছে। একটি পরিবার প্রাণীটিকে আশ্রয় দেওয়ার পর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। অন্যদিকে, একটি স্ত্রী টিলকায়োকে স্থানীয় বাসিন্দাদের হামলার পর উদ্ধার করা হয়। পরে সেটিকে আবার বনে ছেড়ে দেওয়া হয়েছে।
২০২১ সালে শুরু হওয়া গবেষণার ফল বৃহস্পতিবার ‘কারেন্ট বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত শুধু বলিভিয়াতেই টিলকায়োর অস্তিত্ব শনাক্ত হয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে প্রাণীটির উপস্থিতির তথ্য পাওয়া যায়নি।
অল্পসংখ্যক প্রাণী শনাক্ত হওয়ায় গবেষকেরা টিলকায়োকে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। তাদের আশঙ্কা, প্রাণীটির প্রকৃত সংখ্যা খুব কম হলে ভবিষ্যতে এর বিলুপ্তির ঝুঁকি আরও বাড়তে পারে।
সূত্র: সিবিএস নিউজ

