রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

টানা বৃষ্টিতে রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার পানি

নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর ৪টার দিকে বৃষ্টি শুরু হলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হয়। এতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়।

কয়েকটি এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায় পথচারীদের। রিকশাসহ ছোট যানবাহন চলাচলেও সমস্যা হওয়ায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কোথাও কোথাও সড়কের ওপর গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নগরবাসীর অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ, নালা-নর্দমার যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন