রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কিশোর অপ্রতিম হত্যার বিচারের দাবিতে অবরোধ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক পরিবারের সন্তান অপ্রতিম হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে সরে যান তারা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে মহাসড়কে উঠে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা অপ্রতিম হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, মাত্র ১৩ বছরের একটি শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তারা হতাশ। তাদের অভিযোগ, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর পুলিশ যথাসময়ে যথাযথ উদ্যোগ নেয়নি।

শিক্ষার্থীরা আরও বলেন, পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানালেও ঘটনার বিষয়ে তাদের কাছে এখনো বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয়। পুলিশ সংবাদ সম্মেলনের কথা বলেছে। অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে ফিরে যান। এরপর মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন