সরকারি ক্রয়ব্যবস্থায় পরিবর্তন আনতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়কার্যে প্রতিযোগিতা বাড়ানো এবং ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালী আধুনিকায়ন এবং পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ের ক্ষেত্রে টেকসই ক্রয়ব্যবস্থা নিশ্চিত করতে অনুপাতভিত্তিক মূল্যায়ন পদ্ধতি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘রেডেট ক্রাইটেরিয়া’ ধারণার সমার্থক এ মূল্যায়ন পদ্ধতি ক্রয়প্রক্রিয়ায় প্রয়োগ করা হবে।
খসড়ায় সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান আরও স্পষ্ট করা এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার সুযোগ রাখার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয়ব্যবস্থায় এসব যুগোপযোগী পরিবর্তন আনার লক্ষ্যেই ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়া অধ্যাদেশটি মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

