রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ: গালিবাফ

নিউজ ডেস্ক

ইরানের শর্ত পূরণ এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

রোববার (২০ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের অবস্থান ও শর্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের বৈধ অধিকার স্বীকার এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগের পর্যায়ের আলোচনায় ফেরারও সুযোগ নেই বলে জানান তিনি।

গালিবাফ বলেন, একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা প্রতারণার মাধ্যমে সমাধান চাপিয়ে দেওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত দেশটি তাদের অবস্থান পরিবর্তন করবে না বলেও জানান তিনি।

ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, যুদ্ধ ও কূটনৈতিক আলোচনা পরস্পরবিরোধী নয়। প্রয়োজন অনুযায়ী সামরিক প্রতিরোধ চালানোর পাশাপাশি উপযুক্ত সময়ে কূটনৈতিক আলোচনায় বসার সুযোগও ইরান রাখবে।

এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধ এবং আলোচনায় ফেরার কয়েকটি শর্ত পাঠানো হয়েছে। এসব শর্তের মধ্যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দ অর্থ ছাড় এবং সমুদ্রপথে অবরোধ প্রত্যাহারের দাবি রয়েছে।

রেজাই আরও জানান, কাতার ও পাকিস্তান দুই পক্ষের মধ্যে আলোচনার পথ পুনরায় চালুর প্রচেষ্টায় মধ্যস্থতা করছে। হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতার বিষয়েও আলোচনা হয়েছিল। তবে সেটি প্রকাশ্যে আনার আগে আঞ্চলিক সমর্থনের প্রয়োজন হতে পারে বলে তিনি জানান।

এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো সীমিত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সংঘাতের মধ্যে প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরেনি। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং সমুদ্রপথে চলাচল নিয়ে একটি সমঝোতা না হওয়া পর্যন্ত প্রণালির পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হতো। ফলে প্রণালিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় সচল করা এখন আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন