রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ৩৫ জন, তালিকায় চার মন্ত্রী

নিউজ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে তাঁর সঙ্গে থাকছেন ৩৫ জনের একটি প্রতিনিধিদল।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। তিনি বলেন, সফরসঙ্গীদের মধ্যে চারজন মন্ত্রী রয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকায় দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন। তাঁরা হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এ ছাড়া সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। এটিই জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংক্ষিপ্ত এ সফরে জাতিসংঘের কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও এসব আলোচনায় গুরুত্ব পাবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো সাধারণ পরিষদে ভাষণ এবং বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রীর অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন—দুই ঘটনাই একই অধিবেশনে ঘটছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন