রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা একসঙ্গে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

পবিত্র মক্কা ও মদিনায় যেকোনো ধরনের হামলা বা আগ্রাসনের নিন্দা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রতি কোনো হুমকি সৃষ্টি হলে কিংবা হামলার চেষ্টা করা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। দুই পবিত্র নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে বাংলাদেশের জনগণ আপসহীন। বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতে পবিত্র দুই নগরীর বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা যেন সম্মিলিতভাবে প্রতিহত করা যায়, সে জন্য মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করা প্রয়োজন।

বিবৃতিতে ধর্মমন্ত্রী প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় মুসলমানদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন