রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ভারতের কাছে হার, ব্রোঞ্জের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ

নিউজ ডেস্ক

এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে ফাইনালে ওঠার সুযোগ হারালেও পদকের লড়াই থেকে ছিটকে যায়নি নিগার সুলতানার দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (২০ সেপ্টেম্বর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন শেফালি ভার্মা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি।

জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ভারতের বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। শেষ পর্যন্ত মাত্র ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বেশির ভাগই দুই অঙ্কের রান করতে পারেননি। দলের আটজন ব্যাটার এক অঙ্কের ঘরেই থেমে যান। ফলে শেফালির একার করা রানের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশের পুরো দল।

এর আগে এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তবে এশিয়ান গেমসে সেমিফাইনালে হারের পরও পদক জয়ের সুযোগ রয়েছে টাইগ্রেসদের সামনে।

আগামী ২২ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। একই দিনে স্বর্ণপদকের জন্য ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন