সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মুগ্ধর পরিবারের সদস্যরা

নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণের পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন পরিবারের সদস্যরা।

তারা শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

সাক্ষাতের একপর্যায়ে পরিবারের সদস্যরা গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নাম খচিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপহার দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন