রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কোস্টগার্ডকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি জানিয়েছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ডকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি মাদক ও চোরাচালান বন্ধ, মানবপাচার প্রতিরোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানি দূষণ রোধে বাহিনীটির তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা সুরক্ষায় কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে।

এ লক্ষ্যে কোস্টগার্ডের আধুনিকায়ন এবং সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে কোস্টগার্ডকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম ও বর্তমান সক্ষমতা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ এবং এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতির বিষয়েও রাষ্ট্রপতিকে জানান রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন কোস্টগার্ডের মহাপরিচালক। জবাবে রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সংশ্লিষ্ট সচিব এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন