রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

নিউজ ডেস্ক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তাকে গ্রেপ্তার করা হলো।

রোববার (২০ সেপ্টেম্বর) পিটিআই পাঞ্জাবের এক মুখপাত্র আলিমা খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাহোর জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারের পর আলিমা খানকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আলিমা খানের উপস্থিতি কোনো জনসমাগমস্থলে জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। এ কারণেই তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে পিটিআই। দলটির এই কর্মসূচি ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলে শনিবার জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এর মধ্যেই আলিমা খানকে গ্রেপ্তারের ঘটনায় পিটিআইয়ের নেতাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।

বুখারি বলেন, আলিমা খানকে গ্রেপ্তারের ঘটনা সম্পূর্ণ নিন্দনীয়। ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচি নিয়ে সরকারের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তারই প্রতিফলন হিসেবে এই গ্রেপ্তারকে দেখছেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন