কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচলিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ‘এআই ফোর্স’ নামে নতুন একটি ব্যবস্থা চালুর এবং শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, অনেকেরই ধারণা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটি এই প্রযুক্তির জন্য যথাযথ নয়।
নতুন নাম কী হতে পারে, তা জানতে অনুসারীদের মতামতও চেয়েছেন ট্রাম্প। এ জন্য আয়োজিত ভোটে তিনটি নাম প্রস্তাব করা হয়েছে—‘সুপিরিয়র ইন্টেলিজেন্স’, ‘এক্সট্রিম ইন্টেলিজেন্স’ এবং ‘সুপ্রিম ইন্টেলিজেন্স’। প্রতিবেদন প্রকাশের সময়ও ভোট চলছিল।
এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেক পোস্টে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তাকে দুর্বল বা ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন। এ ধরনের উদ্যোগকে তিনি ডেমোক্র্যাটদের বিভিন্ন ‘হোক্স’ বা ভিত্তিহীন প্রচেষ্টার সঙ্গে তুলনা করেন। তবে এই দাবির সমর্থনে কোনো প্রমাণ তিনি দেননি বলে টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে তথ্যকেন্দ্র নির্মাণ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের মধ্যেই সমালোচনা রয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যও বড় তথ্যকেন্দ্র নির্মাণের নতুন অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে।
শনিবারের পোস্টে ট্রাম্প জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পকে সহযোগিতা করবেন এবং এর বিকাশের ওপর নজর রাখবেন। একই সঙ্গে ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থা তার প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর আদলে তৈরি হবে। পাশাপাশি শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তবে ‘এআই ফোর্স’-এর সুনির্দিষ্ট দায়িত্ব, সাংগঠনিক কাঠামো কিংবা প্রস্তাবিত ‘এআই জার’-এর দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় কিছু নিয়ন্ত্রণ ও নিরাপত্তাবিধি রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। একই সঙ্গে প্রযুক্তিটি নিয়ে তৈরি হওয়া কিছু উদ্বেগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ট্রাম্প প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক দায়িত্বে আগে কাজ করেছেন ডেভিড স্যাকস। চলতি বছরের শুরুতে ওই দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সহসভাপতির দায়িত্ব নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ট্রাম্প ঘোষিত ‘এআই ফোর্স’ কীভাবে পরিচালিত হবে, এর কাঠামো কেমন হবে এবং ‘এআই জার’ কী ধরনের দায়িত্ব পালন করবেন—এসব বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত ঘোষণা আসার অপেক্ষা রয়েছে।

