রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি বলেন, আইন অনুযায়ী গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ফ্ল্যাটটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, মরিয়মের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য তথ্য পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত জুলাইয়ে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরুতে জামায়াতের নেতাকর্মীরা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেন।

পরে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে ভিডিওতে থাকা তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।

মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর পর এখন মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন