দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। একই দিনে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ প্রত্যাশার তুলনায় শক্তিশালী থাকায় বিশ্ববাজারে তেলের দাম কমে।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে স্বাভাবিক থাকায় বাজারে দাম কমেছে।
সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। আর ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে দাঁড়ায় ৯৮ দশমিক ৪৬ ডলারে।
জেপি মরগানের বিশ্লেষকদের হিসাবে, গত ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। তবে এই সরবরাহ ২০২৫ সালের গড়ের তুলনায় প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম এখন মূলত মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি ও কূটনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করছে। সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে আবারও দাম বাড়তে পারে।
এদিকে দেশে নতুন দাম অনুযায়ী ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।
সরকারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পুরোটা সমন্বয় না করায় মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

