রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কুমিল্লায় একই পরিবারের দুজনকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

নিউজ ডেস্ক

কুমিল্লার দেবিদ্বারে মা ও এক বছর বয়সি ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় তার ভাবী রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পেয়ার বেগম (৬২) ও তার এক বছর বয়সি নাতনি। ঘটনার পর স্থানীয়রা ইমন মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বড়শালঘর গ্রামের ইমন মিয়া তার মায়ের সঙ্গে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি দা দিয়ে মা পেয়ার বেগমকে কুপিয়ে জখম করেন। শাশুড়িকে বাঁচাতে এগিয়ে এলে পুত্রবধূ রাবেয়া বেগমকেও কুপিয়ে আহত করা হয়।

এ সময় পাশে থাকা এক বছর বয়সি শিশুটিও ইমনের আঘাতের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় পেয়ার বেগম ও শিশুটিকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা শাহীন আলম বলেন, ইমন মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে হঠাৎ তিনি উত্তেজিত হয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। প্রথমে মাকে কুপিয়ে হত্যা করেন। পরে সামনে থাকা ভাতিজিকেও আঘাত করেন এবং ভাবীকে কুপিয়ে গুরুতর আহত করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পেয়ার বেগম ও তার নাতনি নিহত হয়েছেন। রাবেয়া নামে একজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইমনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন