সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের এবার মাঠে নামার আহ্বান

নিউজ ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই কর্মসূচিতে সাধারণ নাগরিকের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য নাগরিকদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারলে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

এ ক্ষেত্রে তরুণ সমাজ, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানান ড. মুহিত। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কনটেন্ট, রিলস ও স্টোরি তৈরি এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রচারণায় অংশ নিতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য কনটেন্ট ক্রিয়েটররা সৃজনশীল ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমেও যে কেউ এই জাতীয় উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।

আগামী তিন মাসের এই ডিজিটাল ক্যাম্পেইনে সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচার করা হবে।

একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের প্রয়োজনীয় বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন