দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, তা নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
জ্বালানি তেলের নতুন মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া নির্ধারণের বিষয়টিই বৈঠকের মূল আলোচ্য। বৈঠকে পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জ্বালানির দাম নির্দিষ্ট হারে বাড়লে বাসভাড়া কতটা সমন্বয় করা যায়, সে বিষয়ে আগে থেকেই একটি প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি পরিবহণ মালিকদের কিছু দাবি-দাওয়া বৈঠকে তুলে ধরা হবে। সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটিও আলোচনার পর জানা যাবে।
রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন দাম রোববার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ খাতে পরিচালন ব্যয় বাড়ার পাশাপাশি যাত্রীভাড়ায় এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিআরটিএর বৈঠক থেকে বাসভাড়ার নতুন হার নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

