রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাজারে বাড়তে পারে চাপ

নিউজ ডেস্ক

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর রাজধানীর বাজারে তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রভাব দেখা যায়নি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিভিন্ন বাজার ঘুরে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ভোজ্যতেল, সবজি, মাছ ও মাংসসহ অধিকাংশ নিত্যপণ্যের দামে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বাড়ার কারণে আগামী কয়েক দিনের মধ্যে পণ্যের দামে এর প্রভাব পড়তে পারে।

রাজধানীর কয়েকটি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জ্বালানি তেলের বাড়তি দাম এখনো পুরোপুরি পরিবহন খরচে যুক্ত হয়নি। ফলে বাজারে এর তাৎক্ষণিক প্রতিফলন দেখা যাচ্ছে না। তবে নতুন দরে পণ্য পরিবহন শুরু হলে ধীরে ধীরে নিত্যপণ্যের বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সরকার রোববার রাতে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে এসব নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব এখনো অধিকাংশ পণ্যের দামে পড়েনি। খুচরা বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে থাকা পণ্যের বড় একটি অংশ আগেই পরিবহন করে আনা হয়েছে। তাই নতুন জ্বালানি দরের বাড়তি পরিবহন ব্যয় এখনো পণ্যের ক্রয়মূল্যে পুরোপুরি যুক্ত হয়নি।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আবু হোসেন বলেন, ‘আজ আলাদা করে দাম বাড়ানোর মতো পরিস্থিতি হয়নি। তবে পাইকারি বাজার থেকে আগামী দু-একদিনে বেশি দামে পণ্য কিনতে হলে খুচরা দামও বাড়াতে হবে।’

রামপুরার এক মুদি দোকানি বলেন, ‘পরিবহন খরচ বাড়লে শুধু একবার পণ্য আনার খরচ বাড়বে না। পাইকার থেকে খুচরা—প্রতিটি ধাপে খরচ বাড়বে। তখন পণ্যের দামে সেটার প্রভাব পড়বে।’

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব প্রথমে পড়তে পারে পণ্য পরিবহন খাতে। কৃষিপণ্য উৎপাদনের পর তা জেলা বা মোকামে নেওয়া, সেখান থেকে রাজধানীর পাইকারি বাজারে আনা এবং পরে খুচরা দোকানে পৌঁছানো—প্রতিটি পর্যায়েই পরিবহনের প্রয়োজন হয়।

বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যানসহ পণ্য পরিবহনের বিভিন্ন যানবাহনের পরিচালন ব্যয় বাড়বে। ফলে উৎপাদনস্থল থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছানোর পুরো প্রক্রিয়ায় বাড়তি ব্যয় যুক্ত হতে পারে। এ কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব একবারে না এসে কয়েকটি ধাপে বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ জ্বালানি তেলের দামের সঙ্গে মানুষের জীবন-জীবিকার প্রায় সব বিষয়ই আন্তঃসম্পর্কিত।

তিনি বলেন, পরিবহন ব্যয় বাড়লে এর প্রভাব শুধু সরাসরি পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না। উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে খরচ বাড়ার মাধ্যমে শেষ পর্যন্ত তার চাপ ভোক্তার ওপর পড়তে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন