রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কমপ্লিট শাটডাউনে চুয়েট, বন্ধ সব ক্লাস-পরীক্ষা

নিউজ ডেস্ক

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্যঃসাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

কর্মসূচির কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। ক্যাম্পাসের প্রবেশপথে তালা থাকায় স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের পর সোমবার রাতেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা দেন তারা। মঙ্গলবার সকাল থেকে কর্মসূচি আরও কঠোর করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এ সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক সমিতিও সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির জানান, শিক্ষক সমিতির সাধারণ সভায় এ বিষয়ে দাবি জানানো হয়েছে।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। উপাচার্য পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন